
তল্লার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিস – সিভিল ডিফেন্স, তিতাস গ্যাস ও জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ৩ কমিটি গঠন করা হয়। বিস্ফোরণের ঘটনা কেন ঘটেছিল, তা খতিয়ে দেখতে কাজ করবে তারা।
জানা গেছে, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমানকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে আগামী ১০ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন, ঢাকা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্মন, উপ-পরিচালক (অপারেশন্স) নুর হাসান ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আরেফিন।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে। তিতাস গ্যাসের ঢাকা অফিসের মহাব্যবস্থাপক আবদুল ওহাবকে কমিটির প্রধান করে ওই কমিটি গঠন করা হয়।
অপরদিকে, একই ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খাদিজা তাহেরী ববিকে আহবায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। ওই তদন্ত কমিটিকে আগামী ৫ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন।
No posts found.