
প্রাইম নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ডের মিশন পাড়াস্থ ছোট মসজিদ পুকুর পাড় এলাকায় দীর্ঘ ২ বছর যাবৎ ড্রেনের দুটি এবং কিছুদিন আগে থেকে আরো একটি স্লাব ভেঙ্গে আছে। ফলে এ সড়ক দিয়ে চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী। স্লাবগুলো ভেঙ্গে সৃষ্ট গর্তগুলোতে পড়ে গিয়ে প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। তবে এলাকাবাসীর এ দু:খ-দুর্দশা দেখার যেন নেই কেউ। সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাসেম শকু বলেন, সবগুলো এরকমই। তবে আগামী এক সপ্তাহের মধ্যেই সব ঠিক করা হবে।
জানা যায়, নগরীর ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ একটি এলাকা হিসাবে পরিচিতি মিশন পাড়ার এ সড়কটি। বলা চলে ডন চেম্বারের সাথে এটি একটি সংযোগ সড়ক। এ এলাকাটি নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি আবাসিক এলাকা হিসাবেও পরিচিতি। এ রাস্তার পাশে নির্মিত ড্রেনের ২টি স্লাব প্রায় ২বছর ধরে ভেঙ্গে আছে।
ফলে সড়কের উপর সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। পাশাপাশি স্লাব না থাকায় ড্রেনের অংশদিয়ে ড্রেনের ময়লা রাস্তায় চলে আসে। তাছাড়া অনেকেই এ ড্রেনে পড়ে গিয়ে আহত হয়েছেন বলেও জানা যায়। গর্তগুলো অনেকটা মরণফাঁদে পরিণত হয়েছে। প্রায় দুই বছরের বেশী সময় ধরে স্লাবগুলো ভেঙ্গে থাকলেও কাউন্সিলর সহ সংশ্লিষ্ট কেউই নতুন স্লাব নির্মাণে কোনো ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ স্থানীয়দের।
এদিকে, সরেজমিনে গিয়ে দেখা যায়, নগরীর ১২ নং ওয়ার্ডের মিশন পাড়াস্থ ছোট মসজিদ পুকুর পাড়ের সামনে ড্রেনের ৩টি স্লাব ভেঙ্গে দুটি বড় গর্ত ও একটি ছোট গর্তের সৃষ্টি হয়েছে। তবে স্লাব না থাকায় সৃষ্ট গর্তের কারণে এবং গর্ত দিয়ে ময়লা সড়কে উঠে আসার কারণে ভোগান্তি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের।
স্লাব ভেঙ্গে সৃষ্ট ভোগান্তির বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীদের অনেকে জানান, প্রায় দুই বছরের বেশী সময় ধরে এ ড্রেনের স্লাবগুলো ভেঙে পড়ে আছে, ফলে চলাচল করতে গিয়ে নানামুখী সমস্যায় পড়তে হয় তাদের। ভাঙ্গা স্লাবটির কারণে সৃষ্ট গর্তে প্রায়ই শিশু ও বৃদ্ধসহ পথচারীরা পড়ে গিয়ে নানা দুর্ঘটনা শিকার হচ্ছেন। দিনের বেলা দেখে শুনে চলাচল করা গেলেও রাতের বেলা আলো কম থাকায় মূলত রাতেই ঘটে বেশী দুর্ঘটনা।
তবে তাদের এ দু:খ, দুর্দশা দেখার যেন কেউ নেই, এমন অভিযোগও করেন স্থানীয়রা। স্থানীয় কাউন্সিলর জানানো হয়েছে কিনা জানতে চাইলে স্থানীয়রা বলেন, কাউন্সিলর সাহেব তো সবই জানেন। কিন্তু এখন তো আর আমাদের খোঁজ নেয়ার সময় নেই তার। তিনি এখন ব্যস্ত। তবে, শীঘ্রই যাতে ড্রেনের স্লাবগুলো পুন:নির্মাণ করা হয় এমন দাবী জানান তারা।
এ বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলে ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু প্রাইম নারায়ণগঞ্জকে বলেন, মিশন পাড়ার এ অংশে ড্রেনের কাজ চলমান। আগামী এক সপ্তাহের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। এ স্লাবগুলো প্রায় ২ বছর আগে থেকেই ভেঙ্গে আছে এমন কথা বললে তিনি বলেন, সবই এরকম। তবে আমি কথা দিচ্ছি আগামী সাত দিনের মধ্যে সব ঠিক করা হবে। যদি না হয় তাহলে আমাকে জানাবেন।
No posts found.