
প্রাইম নারায়ণগঞ্জ:
গত ৪ঠা ডিসেম্বর প্রাইম নারায়ণগঞ্জ ডট নেট অনলাইন নিউজ পোর্টালে “ উত্তর চাষাড়ায় স্লাব ভেঙ্গে মরণ ফাঁদ, দেখার যেন কেউ নেই, ছবি তুলে হোয়াটস অ্যাপে পাঠান : কাউন্সিলর শকু” শীর্ষক সংবাদ প্রকাশের পর ড্রেনের এ ভাঙ্গা স্লাব অপসারণ করে নতুন করে স্লাব ঢালাই করা হয়েছে। সংবাদ প্রকাশের পর বিষয়টি কাউন্সিলর শওকত হাশেম শকু’র নজরে আসে।
ড্রেনের একটি স্লাব ভেঙ্গে থাকার কারণে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছিলো এলাকাবাসীকে। স্লাব ভেঙ্গে সৃষ্ট গর্তটি অনেকটা মরণ ফাঁদে পরিণত হয়েছিলো। প্রায় তিন মাসেরও বেশী সময় ধরে ড্রেনের স্লাবটি ভেঙ্গে থাকলেও কাউন্সিলর সহ সংশ্লিষ্ট কেউই নতুন স্লাব নির্মাণে কোনো ব্যবস্থা নিচ্ছিলো না বলেও অভিযোগ ছিলো স্থানীয়দের। ফলে ওই সড়ক দিয়ে যান ও জনগনের চলাচলে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছিলো তাদের।
জনগনের এ ভোগান্তির বিষয়ে “প্রাইম নারায়ণগঞ্জ ডট নেট” অনলাইন নিউজ পোর্টাল সহ স্থানীয় দৈনিকগুলোতে ৪ঠা ডিসেম্বর সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরদিনই চাষাড়ার ভাঙা স্লাব অপসারণ করে নিজ উদ্যোগে নতুন করে স্লাব ঢালাই করার ব্যবস্থা করেন কাউন্সিলর শওকত হাশেম শকু।
এ বিষয়ে ঢালাই করে পুন:নির্মাণ করা স্লাবের ২টি ছবি তুলে কাউন্সিলর শকু ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি লিখেন, আলহামদুলিল্লাহ চাষাড়ার ভাঙা স্লাব অপসারণ করে নিজ উদ্যোগে নতুন করে স্লাব ঢালাই করা হয়েছে। ধন্যবাদ জানাই গণমাধ্যমে প্রকাশ করার জন্য।
এদিকে, সংবাদ প্রকাশের একদিন পরই স্লাবটির পুন:নির্মাণ করায় স্থানীয়দের অনেকে টিপ্পনি কেটে বলেন, সংবাদ প্রকাশের পর তাহলে ঘুম ভেঙ্গেছে কাউন্সিলর শকু’র। তা নাহলে তো কতদিন যে ভোগান্তি পোহাতে হতো, আল্লাহই ভালো জানে।
অপরদিকে, উত্তর চাষাড়া কয়েকজন বাসিন্দা কাউন্সিলরের এ কাজের প্রশংসাও করেন। পাশাপাশি প্রাইম নারায়ণগঞ্জ ডট নেটসহ অন্যান্য গণমাধ্যমগুলোকেও তারা স্বাগত জানায়।
No posts found.