
নগর প্রতিবেদকঃ
সংস্কারের অভাবে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের চাষাড়া রেল গেটের সামনে রাস্তাটি চলাচলের অনুপোযোগী হয়ে পরে আছে অনেক দিন ধরে। প্রতিদিন ঘটছে দূর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন। সড়কটির এ অংশে বিটুমিন ও খোয়া উঠে অসংখ্য ছোট-বড় গর্ত আর খানাখন্দের সৃষ্টি হয়েছে। তবুও যেনো সংস্কারের কোন উদ্যোগ নেই এই সড়কটির। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছে এই সড়কের সংস্কার কাজ না করায়।
জানা যায়, প্রায় বছরখানেক ধরে সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কের এ অংশটি। চরম দুর্ভোগের মধ্য দিয়ে নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ এ সড়কটি দিয়ে প্রতিদিন লক্ষাধিক লোক এই পথে যাতায়াত করছে। পঞ্চবটি-পাগলা রুটে চলাচলের প্রধান রুট এটি। সর্বশেষ প্রায় বছর তিনেক আগে সড়কটি সংস্কার করা হয়েছিলো বলে জানায় স্থানীয়রা। এরপর আর মেরামত না করায় সড়কের অনেক স্থানে বিটুমিন ও ইট-পাথর উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা এড়াতে যানবাহন চলে ধীরগতিতে।
সরেজমিনে দেখা যায়, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের চাষাড়া রেল গেট এলাকায় সরকারী মহিলা কলেজের সামনে সড়কের অসংখ্য স্থানে কার্পেটিং উঠে ইটের খোয়া ও পাথর বেরিয়ে পড়েছে। সড়কজুড়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় খানাখন্দ। এর মধ্যে ঝুঁকি নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ও রিকশা, বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। এ সময় অটোরিকশা চালক জামাল মিয়া বলেন, রাস্তা ভেঙ্গে গিয়ে ইট ও পাথর উঠে গিয়ে খানাখন্দ থাকায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এ রাস্তায় চলাচল করতে গিয়ে সুস্থ-সবল মানুষের নাভিশ্বাস ওঠে। অনেক সময় রিকশায় করে এই রাস্তা দিয়ে রোগী নিয়ে গেলে তাঁদের অবস্থা আরও কাহিল হয়ে পড়ে।
ট্রাকচালক রহিম শেখ বলেন, ‘ভাঙাচোরা এ রাস্তা দিয়ে ট্রাক চালাতে গিয়ে প্রায়ই গাড়ি নষ্ট হয়ে যায়। তাই এ সড়ক দিয়ে খুবই ধীর গতিতে গাড়ি চালাতে হয়। এ গতি কমানোর কারণে প্রায়ই যানজট লেগে থাকে।
চাষাড়া এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, এখান দিয়ে চলতে গেলে প্রায়ই ঝাক্কি লাগে। মাঝে মাঝে কোমরে প্রচন্ড ব্যাথাও পাই। দীর্ঘদিন যাবত আমরা এই সমস্যায় ভূগছি। এ রাস্তাটি নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক হওয়ার পরও আমাদের দুর্দশা ও সমস্যা দেখার মতো কেউ যেন নেই।
এলাকাবাসীরা এ সড়কটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
No posts found.